দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার তালা উপজেলায় স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় কুশল সরদার (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা কানাই লাল সরদার, যিনি একজন শিক্ষক।
বুধবার সকালে উপজেলার শাহাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে ছেলে কুশলকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন কানাই লাল সরদার। শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা পাইকগাছা-খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তার বাবা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জানান, কানাই লাল সরদার এলাকায় একজন সজ্জন ও সম্মানিত শিক্ষক হিসেবে পরিচিত। তার স্ত্রী মৌমিতা সরদারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দুই সন্তানের মধ্যে কুশল ছিল বড়। মেধাবী ও ভদ্র স্বভাবের এই শিক্ষার্থীকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে আসা বাসটি মোটরসাইকেলকে চাপা দিলে কুশল ঘটনাস্থলেই নিহত হয় এবং তার বাবা গুরুতর আহত হন।
কুশলের মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, সড়কে কঠোর নজরদারি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এমএস/